জুলাই সনদ’ নতুন সামাজিক চুক্তির প্রতীক: আলী রীয়াজ

বাংলাদেশ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ শুধু একটি রাজনৈতিক দলিল নয়, এটি নাগরিক ও রাষ্ট্রের মধ্যে নতুন এক সামাজিক চুক্তির সূচনা। এই সনদ বাংলাদেশের মানুষের ত্যাগ, সংগ্রাম ও গণতান্ত্রিক প্রত্যয়ের প্রতিফলন।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিসহ কূটনৈতিক মহল।

অধ্যাপক রীয়াজ বলেন, “এই সনদ আমাদের দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা। স্বাধীনতার পর থেকে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার ছিল, তা আজ নতুনভাবে প্রতিফলিত হয়েছে। এটি এক নতুন সূচনা।”

তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৯০ সালের গণআন্দোলন, ২০১৮ সালের ছাত্র আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত—সব প্রচেষ্টাই এই সনদের ভিত্তি তৈরি করেছে। “এই দলিল তাদের রক্ত ও ত্যাগের ফল,” যোগ করেন তিনি।

রীয়াজ বলেন, “জুলাই সনদ আমাদের জাতির সাহস ও দায়িত্ববোধের প্রতিচ্ছবি। এটি আমাদের আগামী দিনের পথনির্দেশ। রাজনৈতিক দলগুলো প্রায় এক বছর ধরে আলোচনা ও পর্যালোচনার মধ্য দিয়ে এই সনদে উপনীত হয়েছে। তাই এর তাৎপর্য কেবল রাজনৈতিক নয়, সামাজিকও।”

তিনি আরও বলেন, “আমরা সবাই চাই, এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে নাগরিক স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে। এই ঐক্যের শক্তিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

শেষে তিনি বলেন, “এটি কোনো গন্তব্য নয়, বরং নতুন যাত্রার সূচনা। আমরা সবাই মিলে এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে গণতন্ত্র শুধু কথায় নয়, বাস্তবে প্রতিষ্ঠিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *