নিজস্ব প্রতিবেদক, ডেইলি নবসংবাদ
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সংসদীয় দলের বৈঠকে আবেগঘন বিদায়ী বক্তব্য দিয়েছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে আয়োজিত এই বিশেষ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি একাধিকবার আবেগাপ্লুত হয়ে পড়েন।
বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব থেকে শুরু করে মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা চান তিনি। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সংসদ সদস্যদের মূল্যবান ভোট ও সমর্থন প্রার্থনা করেন।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম ও সাহসিকতাপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং তাকে বিজয়ী করতে দলীয় এমপিদের ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, দল সমর্থিত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তৃণমূলের সঙ্গে সংসদ সদস্যদের কোনো দূরত্ব তৈরি হতে দেওয়া যাবে না।
এর আগে সভার শুরুতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান প্রক্রিয়া তুলে ধরে বক্তব্য দেন এবং মির্জা ফখরুলের পক্ষে ভোট চান। তিনি জানান, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য ঘোষণা করা হবে। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
