নিজস্ব প্রতিবেদক
মুক্তির আগেই গিনেস বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের সঙ্গে আল্লু অর্জুনের প্রথম সিনেমা হওয়ায় শুরু থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। এবার সিনেমাটির প্রযুক্তিগত সাফল্য সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
প্রযোজনা সংস্থা সান পিকচার্সের তথ্য অনুযায়ী, ‘রাকা’ সিনেমার একটি দৃশ্যে একই সময়ে রিয়েল টাইমে ৩৭ জন অভিনয়শিল্পীর গতিবিধি ক্যামেরাবন্দি করা হয়েছে। ভারতীয় সিনেমায় প্রযুক্তির ব্যবহারে এ ধরনের কাজ এটাই প্রথম বলে দাবি করেছে প্রযোজনা সংস্থাটি। এর স্বীকৃতি হিসেবে সিনেমাটি গিনেস বিশ্বরেকর্ডে জায়গা করে নিয়েছে।
এই সাফল্যের পর নির্মাতা অ্যাটলি কুমার ও অভিনেতা আল্লু অর্জুনের একটি ছবি প্রকাশ করেছে সান পিকচার্স। সেখানে আল্লু অর্জুনের হাতে গিনেস বিশ্বরেকর্ডের সনদ দেখা যায়। গিনেস বিশ্বরেকর্ডের ওয়েবসাইটেও রেকর্ডটির উল্লেখ রয়েছে বলে জানানো হয়েছে।
‘রাকা’ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল। সিনেমাটির কয়েকটি দৃশ্য দেখার পর দক্ষিণী পরিচালক সিবি চক্রবর্তী ছবিটির প্রশংসা করেছেন। তার ভাষ্য, ‘অ্যাভাটার’-এর মতো বড় বাজেটের সিনেমাতেও তিনি এমন দৃশ্য দেখেননি। গীতিকার বিবেকও জানিয়েছেন, ‘রাকা’র মতো সিনেমা তিনি এর আগে মূলত হলিউডের সিনেমাতেই দেখেছেন।
গত ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ করা হয় ‘রাকা’-এর প্রথম ঝলক। সেখানে অভিনেতাকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক অবতারে। মাথায় চুল নেই, চোখে কাজল, মুখে রহস্যময় অভিব্যক্তি এবং হাতে পশুর মতো নখ—সব মিলিয়ে প্রথম ঝলকেই চরিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
অ্যাটলি কুমার জানিয়েছেন, ‘রাকা’ তার কাছে শুধু একটি সিনেমা নয়। প্রায় ১৮ বছর ধরে একটি ভাবনাকে লালন করেছেন তিনি। সময়ের সঙ্গে সেই ভাবনাই ধীরে ধীরে রূপ নিয়েছে এই সিনেমায়। মুক্তির আগেই প্রযুক্তিগত এই অর্জন তাই সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
