প্রতি সপ্তাহেই দর্শকদের জন্য যোগ হয় নতুন সব ডিজিটাল কনটেন্ট—রোমাঞ্চ, হাস্যরস, প্রেম, রহস্য আর লোকজ বিশ্বাসের মিশেলে ভরপুর বৈচিত্র্য। চলতি সপ্তাহেও দেশের ও আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্মগুলোতে আসছে কয়েকটি আলোচিত ওয়েব ড্রামা ও সিনেমা, যা ইতোমধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
দেশি প্ল্যাটফর্ম বঙ্গোতে হাস্যরস–রোমাঞ্চ
দেশের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম Bongo এবার হাজির হয়েছে নতুন অরিজিনাল ড্রামা ‘শর্টকাট’ নিয়ে। গল্পের কেন্দ্রবিন্দুতে এক তরুণ, যার স্বপ্ন রাতারাতি ধনী হওয়া। পূর্বপুরুষের গুপ্তধনের গল্পে বিশ্বাস করে সে নামেন লোককথা আর রহস্যের অদ্ভুত যাত্রায়। পথে ঘটে যায় নানা ঘটনা—মিশে থাকে কমেডি, সন্দেহ, স্বপ্ন আর প্রেম।
এ নাটকের মাধ্যমে প্রথমবার একই পর্দায় হাজির হয়েছেন শিমুল শর্মা ও লামিমা লাম। নির্মাতা মাজিদুল ইসলাম জানান, দ্রুত সাফল্যের পেছনে দৌড়ানো যুবসমাজের বাস্তবতা নিয়ে ব্যঙ্গাত্মক ও রহস্যমিশ্রিত গল্পটি তৈরি করা হয়েছে। দর্শক হাসির পাশাপাশি এক ধরনের সামাজিক বার্তাও পাবেন এতে। আজ থেকেই Bongo প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি।
রোমান্স আর দ্বন্দ্বের গল্প ইউটিউবে
ত্রিভুজ প্রেম, ভুল বোঝাবুঝি আর আবেগঘন মোড়—এসব নিয়েই YouTube–এ মুক্তি পাচ্ছে নাটক ‘এমন দিনে তারে বলা যায়’। নির্মাণ করেছেন তরুণ পরিচালক জাহিদ প্রীতম।
এ নাটকে প্রথমবার জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও প্রিয়ন্তী উর্বী, সঙ্গে রয়েছেন মীর রাব্বী। গল্প এগিয়েছে এমন কিছু অনুভূতি ঘিরে, যা প্রিয় মানুষের কাছেও বলা কঠিন হয়ে পড়ে। চিত্রনাট্য সাজানো হয়েছে রহস্যময়ভাবে—শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের মনে প্রশ্ন থাকবে, কে কার কাছে ফিরে যাবে?
নাটকে রয়েছে একটি রোমান্টিক গান ‘কাজল চোখে ভালোবাসা’, কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব। আজ থেকে Capital Drama–র ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।
অপেক্ষার অবসান: ‘কান্তারা: চ্যাপ্টার–১’ এবার ওটিটিতে
ভারতে তুমুল সাড়া জাগানো ও বড় অঙ্কের আয় করা ‘কান্তারা: চ্যাপ্টার–১’ অবশেষে আসছে ওটিটিতে। থিয়েটারে একের পর এক রেকর্ড ভাঙা এই অ্যাকশন–ড্রামা ইতিমধ্যে ৬৭০ কোটি রুপির বেশি আয় করেছে বলে জানা গেছে।
ঋষভ শেঠির পরিচালনা ও অভিনয়ে তৈরি ছবিটি মূলত বহুল প্রশংসিত সিনেমা ‘কান্তারা’–র প্রিকুয়েল। ইতিহাস, লোকবিশ্বাস, রীতি আর ক্ষমতার সংঘাতকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এতে। আগামীকাল থেকে অ্যামাজন প্রাইম ভিডিও–তে দেখা যাবে; কন্নড়, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় উপলব্ধ থাকবে। হিন্দি সংস্করণ পরে মুক্তি পাবে বলে জানা গেছে।
বিভিন্ন প্ল্যাটফর্মে ভিন্ন স্বাদের এই গল্পগুলো দর্শকদের জন্য খুলে দিচ্ছে বিনোদনের নতুন দিগন্ত। রহস্য, প্রেম, লোককথা, সাসপেন্স—সব মিলিয়ে এই সপ্তাহের ওটিটি দুনিয়া হতে যাচ্ছে বেশ উপভোগ্য।
