ডিপজলের বিরুদ্ধে মানহানি মামলা, তদন্তে ডিবি

ঢালিউড

বাংলা চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির অভিযোগে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গ্রহণ করে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি করেন ডিপজলের খালাতো ভাই এবং এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার

আদালত অভিযোগটি আমলে নিয়ে ডিবির উপকমিশনারকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে। বিষয়টি বাদীপক্ষের আইনজীবী নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদীর সামাজিক ও ব্যবসায়িক সুনাম নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে দাবি করা হয়, আজিজুর রহমান টাইগারের নির্দেশে কয়েকজন ব্যক্তি একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভাঙচুর করে নিজেদের নামে নতুন সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করেন এবং জমির মালিকানা দাবি করেন।

তবে পরবর্তী পুলিশ তদন্তে ওই ঘটনায় বাদীর সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, জিডির পরদিন ডিপজল নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে পোস্ট করেন। পাশাপাশি বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে দেওয়া বক্তব্যের মাধ্যমে বাদীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, যা তার সম্মান ও ব্যবসায়িক সুনামের ক্ষতি করেছে বলে দাবি করা হয়েছে।

বাদীর ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সম্পত্তির বৈধ মালিক তিনি। ডিপজলের বক্তব্য ও প্রচারণার কারণে তার আর্থিকভাবে কোটি টাকার ক্ষতি হয়েছে এবং সামাজিক মর্যাদাও ক্ষুণ্ন হয়েছে।

এখন আদালতের নির্দেশনা অনুযায়ী, ডিবি পুলিশ অভিযোগের সব দিক তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই মামলার পরবর্তী আইনি কার্যক্রম এগোবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *