দেশজুড়ে আবারও উদ্বেগ বাড়াচ্ছে Measles বা হাম। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১২ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে Directorate General of Health Services। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩০৩ জন শিশু ও রোগী।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে এক হাজার ১৯২ জনের শরীরে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১১১ জন।
সব মিলিয়ে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৩ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৫৫ হাজার ৬১১ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে সাত হাজার ৪১৬ জনের।
এই সময়ের মধ্যে আক্রান্তদের বড় একটি অংশকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অভিভাবকদেরও শিশুদের জ্বর, র্যাশ বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
