শেষ হলো জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫

খেলা

বাংলাদেশের ঐতিহ্যবাহী দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতার ২১তম আসর অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের বক্তাবলী লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করে দীর্ঘ নদীপথ অতিক্রম শেষে প্রতিযোগিতা শেষ হয় মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায়।

এই বার্ষিক আয়োজনটি পরিচালনা করে বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশ নৌবাহিনী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

এবারের প্রতিযোগিতায় অংশ নেন দেশের শীর্ষ ৩৫ জন সাঁতারু—২৩ জন পুরুষ ও ১২ জন নারী। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন সেনাবাহিনীর মো. ফয়সাল আহমেদ। দ্বিতীয় হন নৌবাহিনীর পলাশ চৌধুরী এবং তৃতীয় হন সেনাবাহিনীর নুরুল ইসলাম। এছাড়া চতুর্থ হন মুন্সীগঞ্জের আশিকুর রহমান এবং পঞ্চম হন নিকলী সুইমিং ক্লাবের মো. ইমরান।

নারী বিভাগে প্রথম স্থান অর্জন করেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। দ্বিতীয় হন সেনাবাহিনীর মুক্তি খাতুন, তৃতীয় নৌবাহিনীর রুপা খাতুন। চতুর্থ হন সেনাবাহিনীর সালমা খাতুন ও পঞ্চম হন গড়াই সুইমিং ক্লাবের সাদিয়া খাতুন।

প্রতিযোগিতা শেষে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত হয় পুরস্কার ও সমাপনী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা এবং সুইমিং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ আয়োজনকে ঘিরে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *