ডেইলি নবসংবাদ স্পোর্টস ডেস্ক:
দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে প্রায় ১ হাজার ২৪৪ কোটি টাকার ‘সিড মানি’ অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে ক্রীড়াঙ্গনে দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
রোববার পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নবনিযুক্ত অ্যাডহক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক জানান, অনুমোদিত সিড মানি বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে ফেডারেশনগুলোর মধ্যে সুষমভাবে ভাগ করে দেওয়া হবে। এই তহবিল থেকে পাওয়া বার্ষিক লভ্যাংশের ৭৫ শতাংশ সরাসরি সংশ্লিষ্ট ফেডারেশনগুলো পাবে।
ফেডারেশনগুলো ওই অর্থ তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা, খেলোয়াড়দের কল্যাণ এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও আয়োজনের কাজে ব্যয় করতে পারবে। আর বাকি ২৫ শতাংশ লভ্যাংশ মূল তহবিলে পুনরায় বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে ক্রীড়া খাতের জন্য একটি স্থায়ী ও টেকসই আর্থিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ক্রীড়াঙ্গনে অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অপরাধ করে পার পাওয়ার সুযোগ আর থাকবে না। ক্রীড়া খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
আমিনুল হক আরও বলেন, গত ১৭ বছরে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে সংঘটিত দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো সরকারের নজরে এসেছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে।
