থানা ও ইউনিয়ন পর্যায়ের গ্রাহকসেবা আরও সহজ ও দ্রুত করতে পরিবেশবান্ধব ই-বাইক ব্যবহার শুরু করেছে রবি আজিয়াটা পিএলসি। গ্রিন টেকনোলজি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি মাঠকর্মীদের জন্য বিশেষভাবে তৈরি এই বাইক বিতরণ করেছে।
সোমবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়—নতুন ই-বাইকের মাধ্যমে জীবাশ্ম জ্বালানিনির্ভর মোটরসাইকেলের ব্যবহার কমবে, যা কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এই উদ্যোগ মাঠপর্যায়ের কর্মীদের সক্ষমতা বাড়াবে এবং গ্রামীণ অঞ্চলে ডিজিটাল সেবার প্রসারেও সহায়ক হবে।
ই-বাইকটিকে ‘রবি সুপার বাইক’ নামে আখ্যায়িত করে প্রতিষ্ঠানটি জানায়—এই মডেলে রয়েছে ফিল্ড অফিসারদের দৈনন্দিন কাজ সহজ করার জন্য নানা স্মার্ট ফিচার। এর মধ্যে আছে পরিবর্তনযোগ্য কার্গো বক্স, ছাতা ও প্রয়োজনীয় টুল রাখার স্থান, মোবাইল ও লাইট চার্জ দেওয়ার জন্য ইউএসবি পোর্ট, পাশাপাশি সচেতনতামূলক প্রচারের জন্য অডিও হ্যান্ড মাইক।
নিরাপত্তা ও নজরদারি প্রযুক্তির ক্ষেত্রেও যুক্ত করা হয়েছে উন্নত সুবিধা—যেমন মুখ শনাক্তকরণভিত্তিক আনলক সিস্টেম, জিও-ফেন্সিং এবং রিয়েল-টাইম ট্র্যাকিং ব্যবস্থা, যা ফিল্ড অপারেশনকে আরও সুশৃঙ্খল করবে।
রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন,
“রবি সুপার বাইক আমাদের টেকসই পরিবহন নিশ্চিত করার পাশাপাশি দূরবর্তী এলাকায় সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা আরও বাড়িয়ে দেবে। পরিবেশবান্ধব এই উদ্যোগ কার্বন নিঃসরণ কমাবে এবং গ্রাহকদের জন্য আরও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করবে। ডিজিটাল সেবা ও উদ্ভাবনে সর্বত্র সমান সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য।”
