ডেইলি নব সংবাদ ডেস্ক
‘রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দেশের স্বার্থেই স্বাধীনভাবে কাজ করতে হবে’ —ভিপি নুর
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত রেখে কাজ করতে হবে। দেশের স্বার্থের বাইরে গিয়ে বিদেশি চাপ বা রাজনৈতিক সমঝোতা গ্রহণ করা দীর্ঘমেয়াদে জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।
শনিবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ীতে এক পথসভায় তিনি এ কথা বলেন।
নুর বলেন, দেশের বড় রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি কঠোর অবস্থান নেয়, যার ফলে জনগণের স্বার্থ পেছনে পড়ে যায়। তিনি বলেন,
“বিরোধ বন্ধ না হলে রাজনৈতিক সংকট কাটবে না, আর ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।”
দেশের স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতে ৫ বছরের জন্য জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানান ভিপি নুর। তার প্রস্তাব অনুযায়ী,
বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদসহ গণঅভ্যুত্থানে জড়িত রাজনৈতিক শক্তিগুলোকে অন্তর্ভুক্ত করে বহুদলীয় সরকার গঠন করতে হবে।
তিনি বলেন,
“বহুদলীয় ঐক্য প্রতিষ্ঠিত হলে রাজপথে আর বড় আন্দোলনের প্রয়োজন হবে না। তখন সবাই দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে বাধ্য হবে।”
ভিপি নুর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন—
“রাষ্ট্রের সম্পদ রক্ষায় আপনারা জনগণের প্রতিনিধি। রাজনৈতিক চাপমুক্ত থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করুন।”
