গাজার দক্ষিণাঞ্চলীয় উপকূলের জেলেদের জালে ধরা পড়েছে এক বিশাল আকারের সামুদ্রিক প্রাণী, যা দেখে অবাক হয়েছেন সবাই। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে খান ইউনিস শহরের উপকূলে ঘটে এই বিরল ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছটির দৈর্ঘ্য প্রায় ১০ মিটার এবং ওজন আনুমানিক দুই টন। বিশাল এই প্রাণীটি দেখতে হাঙরের মতো হলেও এর আকৃতি ও গঠন ভিন্ন। ফলে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি কোন প্রজাতির মাছ।
চোখের সামনে এমন দৃশ্য দেখতে উপকূলজুড়ে ভিড় জমে যায় হাজারো মানুষ। অনেকেই মনে করছেন, দীর্ঘ অবরোধ ও খাদ্য সংকটের সময়ে এটি আল্লাহর বিশেষ রহমত ও রিজিক।
একজন স্থানীয় জেলে বলেন,
“আমাদের জীবনে এমন দৃশ্য প্রথমবার দেখলাম। এই মাছটি পুরো এলাকাকে আনন্দে ভরিয়ে দিয়েছে। আমরা সবাই মিলে এর গোশত ভাগাভাগি করেছি।”
মাছটি তীরে আনার পর খান ইউনিস শহরের বিভিন্ন এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে খবরটি। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়ে যায় মাছ ধরার সেই দৃশ্য। ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা আনন্দের সঙ্গে মাছ কাটছে এবং এলাকাবাসীর মধ্যে বিতরণ করছে।
ধর্মীয় এক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,
“এটি নিঃসন্দেহে আমাদের প্রতি আল্লাহ তায়ালার এক আশীর্বাদ — {إِنَّ هَٰذَا لَرِزْقُنَا مَا لَهُ مِن نَّفَادٍ} — অর্থাৎ এটি আমাদের জন্য প্রদত্ত রিজিক, যার কোনো শেষ নেই।”
গাজার পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এত বড় আকারের মাছ ওই অঞ্চলে ধরা পড়া খুবই বিরল। তারা ধারণা করছেন, ভূমধ্যসাগরে পানির তাপমাত্রা ও খাদ্যচক্রের পরিবর্তনের কারণে এ ধরনের প্রাণী উপকূলের কাছাকাছি চলে আসছে।
সূত্র: স্থানীয় জেলে ও গাজা উপকূলীয় কর্তৃপক্ষ
