ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত নায়িকা ইধিকা পাল আবারও বড়পর্দায় ফিরছেন নতুন চমক নিয়ে। টেলিভিশনে নিয়মিত অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেও মাত্র কয়েক বছরের মধ্যেই দুই বাংলার দর্শকের কাছে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় মুখ হিসেবে।
২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় ইধিকার। মুক্তির পরই ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এবং সেই সঙ্গে ব্যাপক নজর কাড়েন ইধিকা। এরপর একে একে কাজ করেন টালিউড ও ঢালিউড—উভয় ইন্ডাস্ট্রিতেই। দেবের সঙ্গে তার অভিনীত ‘খাদান’ বক্স অফিসে প্রশংসা পায় এবং তাদের জুটিও বেশ জনপ্রিয় হয়। পরে শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’–এ দেখা যায় তাকে, যেখানে নীতু চরিত্রে তার অভিনয় দর্শকের প্রশংসা কুড়ায়। পাশাপাশি ‘বহুরূপ’ ও ‘রঘু ডাকাত’ সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতার বিচিত্র প্রকাশ ঘটান তিনি।
এবার শোবিজ অঙ্গনে আলোচনায় নতুন খবর—নতুন একটি অ্যাকশন–ড্রামা সিনেমায় যুক্ত হচ্ছেন ইধিকা। জানা গেছে, ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত এবং গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। নব্বই দশকের রাজধানী ঢাকার আন্ডারওয়ার্ল্ডের পটভূমিতে নির্মিত হবে এই ছবিটি, যেখানে থাকবে রোমান্স, সংঘর্ষ, অনুভূতি ও উত্তেজনার সমন্বয়। আগামী ঈদুল ফিতরেই বড়পর্দায় সিনেমাটি মুক্তি পাওয়ার পরিকল্পনা করছে নির্মাতা–সংস্লিষ্টরা।
শাকিব খানের বিপরীতে আবারও দেখা যাবে কি ইধিকাকে—এ নিয়েও আলোচনা চলছে চলচ্চিত্রপাড়ায়। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবে শিল্প–মহলের অনেকেই বলছেন, এবারও দর্শকদের জন্য জমজমাট চমক থাকছে।
নতুন এই প্রজেক্ট নিয়ে ইধিকার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে সামাজিকমাধ্যমেও। তারা আশা করছেন, নতুন চলচ্চিত্রেও নিজের অভিনয় দিয়ে আগের মতোই চমকে দেবেন এই তারকা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
