ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভ্রান্ত তথ্য ও গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর মামলার নতুন অগ্রগতির প্রেক্ষাপটে নিজের অবস্থান পরিষ্কার করে বক্তব্য দেন তিনি। বর্তমানে সপরিবারে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এই তারকা।
সম্প্রতি আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় রমনা থানায় একটি হত্যা মামলা গ্রহণ করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর শাবনূরকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে নানান মন্তব্য ও জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। এ নিয়ে নিজের ফেসবুক পোস্টে শাবনূর লিখেন, সালমান শাহর মৃত্যু একটি বিচারাধীন বিষয় হওয়ায় শুরুতে এ নিয়ে কথা বলতে চাননি; তবে ইচ্ছাকৃতভাবে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হওয়ায় তিনি ব্যথিত।
তিনি বলেন, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে ভিত্তিহীন আলোচনা করছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। তাই সবাইকে সত্য যাচাই না করে গুজব ও অবমাননাকর তথ্য প্রচার না করার অনুরোধ জানান তিনি। শাবনূর স্পষ্টভাবে জানান, সালমান শাহর মৃত্যুর প্রকৃত সত্য তিনি জানেন না এবং ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। দোষী যেই হোক, আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানান এই অভিনেত্রী।
চলচ্চিত্রে একসঙ্গে প্রায় ১৪টি ছবিতে অভিনয় করা শাবনূর স্মৃতিচারণা করে বলেন, সালমান শাহ শুধু তার সহশিল্পী নন, বরং খুব কাছের একজন মানুষ ও অসাধারণ প্রতিভাবান অভিনেতা ছিলেন। তার সঙ্গে কাজ করে নিজের ক্যারিয়ার সমৃদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া সালমান শাহর মৃত্যুর পর নানা ধরনের গুজব ও অপপ্রচার তার ব্যক্তিজীবনে বিরাট মানসিক চাপ সৃষ্টি করেছিল বলেও জানান শাবনূর।
তিনি সালমান শাহর মা ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, সন্তান হারানোর কষ্ট অপূরণীয়। পাশাপাশি সালমান শাহর আত্মার শান্তি কামনা করেন তিনি। শ্রোতা-দর্শকদের প্রতি অনুরোধ জানিয়ে শাবনূর বলেন, সত্যকে প্রাধান্য দিন এবং অযথা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।
