ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। এই ঘটনায় তার ব্যান্ডের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে আসাম পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখরজ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভ মহন্ত নামে দুই সদস্যকে গত বৃহস্পতিবার আটক করা হয়। শুক্রবার আদালতে হাজির করা হলে তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এই দুইজনই গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ঘটে যাওয়া ঘটনার সময় জুবিনের সঙ্গে ছিলেন। পুলিশ জানায়, নৌকায় অবস্থানকালে জুবিন সাঁতার কাটছিলেন, সে সময় তাদের একজন নিকটে ছিলেন এবং অন্যজন ভিডিও ধারণ করছিলেন।
পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে, যার ভিত্তিতেই এই গ্রেফতার করা হয়েছে।
এর আগে একই ঘটনায় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ ইস্ট ফেস্টিভ্যালের ম্যানেজার শ্যামকানু মহন্তকে আটক করা হয়েছিল। ফলে এখন পর্যন্ত চারজনকে জুবিনের মৃত্যু তদন্তে গ্রেফতার করা হয়েছে।
জুবিনের স্ত্রী গরিমা গর্গ সংবাদমাধ্যমকে জানান, “তদন্ত এখনো চলছে। তাই কোনো মন্তব্য করা ঠিক হবে না। আমরা তদন্তের ওপর পূর্ণ আস্থা রাখছি। আইন নিজ পথে চলবে এবং সত্য একদিন প্রকাশ পাবে।”
এদিকে আসামের সিআইডির ডিআইজি মুন্না প্রসাদ গুপ্তা বলেন, “আমাদের দল সিঙ্গাপুরে গিয়ে তদন্ত করার জন্য প্রস্তুত। অনুমতি পেলেই আমরা সেখানে যাব। সঠিক প্রক্রিয়ায় আবেদন করা হয়েছে।”
জুবিনের মৃত্যুকে ঘিরে হত্যা নাকি দুর্ঘটনা—এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং মামলায় হত্যা ও ষড়যন্ত্রের ধারাও যুক্ত করা হয়েছে।
সিআইডির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই ঘটনায় ৬০টি এফআইআর দায়ের হয়েছে, যেখানে অন্তত ১০ জনের নাম রয়েছে। এদিকে জুবিনের দ্বিতীয় দফা পোস্টমর্টেম রিপোর্ট শিগগিরই তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
জুবিন গর্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান। তার মৃত্যুর পর থেকে আসাম ও সমগ্র উত্তর-পূর্ব ভারতে শোকের ছায়া নেমে আসে।
