মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার ৮০তম জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউস প্রাঙ্গণে আয়োজন করা হবে একটি আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) লড়াই। বিষয়টি তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোক নৌঘাঁটিতে দেয়া এক বক্তৃতায় ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, “আগামী বছরের ১৪ জুন আমরা হোয়াইট হাউসের মাঠে একটি দুর্দান্ত ইউএফসি ইভেন্ট আয়োজন করব। এটি হবে একটি স্মরণীয় মুহূর্ত।” তবে তিনি স্পষ্ট করে উল্লেখ করেননি, এটি তার জন্মদিন উপলক্ষে আয়োজন করা হচ্ছে নাকি বিশেষ জাতীয় অনুষ্ঠান হিসেবে।
উল্লেখ্য, ট্রাম্পের জন্মদিন ১৪ জুন। চলতি বছর তিনি ৭৯ বছরে পা রাখেন। জন্মদিনে তিনি মার্কিন সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছিলেন।
এর আগে ইউএফসি প্রধান ডানা হোয়াইট গত আগস্টে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ৪ জুলাই হোয়াইট হাউসে ইউএফসি আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর ইভেন্টটির সময়সূচি এগিয়ে আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এএফপি / বাসস
