সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ জুলাই) দেশের দুই শেয়ারবাজারেই ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বৃদ্ধির পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারদরও বেড়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮১ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১১ পয়েন্টে পৌঁছায়।
এ সময় পর্যন্ত ডিএসইতে ২১৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৯টির শেয়ারদর বেড়েছে, ১১১টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিম, সার্প ইন্ডাস্ট্রি, আরডি ফুড, মেঘনা ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, অগ্নি সিস্টেম, ব্র্যাক ব্যাংক, বিএসসি, একমি লিমিটেড এবং হাক্কানি পাল্প।
দিনের শুরু থেকেই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আরও বেড়ে ৫ হাজার ৮৮৫ পয়েন্টে পৌঁছায়।
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬০৩ পয়েন্টে অবস্থান করে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ১৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১৫টির কমেছে এবং ৩টির দর অপরিবর্তিত ছিল।
