মৃত্যুকালে স্যাম নিলের বয়স হয়েছিল ৭৮ বছর। ২০২৩ সালে তিনি জানিয়েছিলেন, তার শরীরে বিরল ধরনের নন হজকিন লিম্ফোমা, অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি সেল লিম্ফোমা, শনাক্ত হয়েছিল। তবে পরিবারের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর সময় তিনি ক্যান্সারমুক্ত ছিলেন। যদিও তার মৃত্যুর নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি।
দীর্ঘ অভিনয়জীবনে স্যাম নিল শিল্পধর্মী চলচ্চিত্র থেকে শুরু করে আন্তর্জাতিক ব্লকবাস্টার সিনেমা পর্যন্ত সমান দক্ষতায় কাজ করেছেন। ‘জুরাসিক পার্ক’-এ ড. অ্যালান গ্রান্ট চরিত্রে তার অভিনয় বিশ্বজুড়ে দর্শকদের কাছে তাকে বিশেষ পরিচিতি এনে দেয়। এছাড়া ‘দ্য পিয়ানো’ চলচ্চিত্রেও তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।
সত্তরের দশকের শেষ দিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চলচ্চিত্রের উত্থানের সময় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া শিল্পীদের মধ্যে স্যাম নিল ছিলেন অন্যতম। অভিনয়ের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের চলচ্চিত্র শিল্পকে বিশ্বদরবারে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। তিনি বলেন, স্যাম নিল শুধু একজন অসাধারণ অভিনেতাই নন, তিনি বিশ্বমঞ্চে নিউজিল্যান্ডের গল্প ও সংস্কৃতিকে তুলে ধরার অন্যতম প্রধান মুখ ছিলেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও শোকবার্তায় স্যাম নিলের সাহস, রসবোধ এবং অসুস্থতার বিরুদ্ধে তার দৃঢ় লড়াইয়ের প্রশংসা করেন। তিনি বলেন, অভিনয়জগতে স্যাম নিলের অবদান দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে।
