রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় তেলবাহী একটি ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া কয়েকটি ওয়াগনের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাস, মাহেন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ও চালকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রোববার রাত প্রায় পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মালেক শেখ (৪৫) এবং রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ব্রাকপাড়া এলাকার মনোয়ার হোসেন পাটোয়ারী (৫০)।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফরিদপুরের বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি তেল পৌঁছে দিয়ে রাজবাড়ীর দিকে ফিরছিল একটি তেলবাহী ট্রেন। পথে ট্রেনটির পেছনের ছয়টি ওয়াগন মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়। সামনের অংশ রেলগেট অতিক্রম করার পর গেট খুলে দেওয়া হলে বিচ্ছিন্ন ওয়াগনগুলো গড়িয়ে এসে রেললাইন পার হওয়া একটি যাত্রীবাহী বাস, একটি মাহেন্দ্র ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধার কার্যক্রম শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। অন্যদিকে হাইওয়ে পুলিশ বলেছে, ট্রেনের পেছনের বিচ্ছিন্ন ওয়াগনই দুর্ঘটনার মূল কারণ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
