রিধিকা রিধির মৃত্যু, প্রেমিক হাসিবুর কারাগারে

ঢালিউড
61

নবসংবাদ ডেস্ক:

ঢাকার ভাটারা এলাকায় মডেল ও অভিনেত্রী লিনা আক্তার ওরফে রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক আব্দুল ওয়াদুদ হাসিবুরকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন।

অন্যদিকে হাসিবুরের আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৮ আগস্ট দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন।

পুলিশের আবেদনে বলা হয়েছে, হাসিবুর মোবাইল ফোনে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে লিনাকে মানসিকভাবে চাপ ও নির্যাতন করছিলেন বলে অভিযোগ রয়েছে। গত ১৫ আগস্ট ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ভাটারা এলাকার ভাড়া বাসায় লিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিবুর লিনার ওপর মানসিক নির্যাতন এবং ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে ভাটারা এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, মিডিয়ায় কাজের সূত্রে ভাটারা এলাকার একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে থাকতেন লিনা। হাসিবুরের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অভিযোগ, সম্পর্কের শুরু থেকেই হাসিবুর তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

ঘটনার রাতে দুই বান্ধবী ইশান ও জান্নাতের সঙ্গে বাসায় ছিলেন লিনা। রাত ১১টার দিকে হাসিবুরের সঙ্গে ফোনে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লিনা বান্ধবীদের ড্রয়িংরুমে গিয়ে ঘুমাতে বলেন।

পরে ভোরে প্রায় সাড়ে ৫টার দিকে হাসিবুর লিনার বাসায় গিয়ে দরজায় ডাকাডাকি করেন। বান্ধবীরা দরজা খুলে দিলে তিনি জানান, রাগের মাথায় লিনা গলায় ফাঁস দিয়েছেন। এরপর ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে লিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় লিনার মা মনি বেগম বাদী হয়ে ভাটারা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও পরিচিতি পেয়েছিলেন রিধিকা রিধি। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *