ডেইলি নবসংবাদ বিনোদন ডেস্ক:
আন্তর্জাতিক মুক্তির সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে হলিউডের নতুন সায়েন্স ফিকশন ও সারভাইভাল থ্রিলার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। গত পরশু থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে।
সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড রবার্ট মিশেল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা ও ক্রিশ্চিয়ান কনভেরি। সায়েন্স ফিকশন, রহস্য ও সারভাইভাল থ্রিলারের মিশেলে নির্মিত সিনেমাটিতে দর্শকদের জন্য থাকছে এক অচেনা ও বিপজ্জনক জগতের গল্প।
সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে আশির দশকের একটি শান্ত শহরতলিকে ঘিরে। সেখানে হঠাৎ করেই অস্বাভাবিক এক ঘটনার মুখোমুখি হয় প্ল্যাট পরিবার। তাদের পরিচিত ওক স্ট্রিট যেন স্বাভাবিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
রাস্তার শেষ প্রান্তে হঠাৎ তৈরি হয় বিশাল এক খাদ। সেই খাদের ওপারে দেখা মেলে প্রাগৈতিহাসিক এক অজানা জগতের। সেখানে ডাইনোসরসহ নানা ভয়ংকর প্রাণীর অস্তিত্ব রয়েছে।
পরিস্থিতির কারণে সেই রহস্যময় জগতেই আটকা পড়ে পরিবারটি। এরপর সন্তানদের নিরাপদ রাখা এবং নিজেদের বাঁচিয়ে রাখতে শুরু হয় তাদের কঠিন সংগ্রাম। অচেনা পরিবেশ, ভয়ংকর প্রাণী এবং একের পর এক বিপদের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।
রহস্য, অ্যাডভেঞ্চার ও টানটান উত্তেজনার পাশাপাশি সিনেমাটিতে পরিবারের বেঁচে থাকার লড়াইও গুরুত্ব পেয়েছে। ফলে হলিউডের সায়েন্স ফিকশন ও সারভাইভাল ঘরানার সিনেমার দর্শকদের জন্য ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ হতে পারে নতুন একটি অভিজ্ঞতা।
