ডেইলি নবসংবাদ ডেস্ক:
নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (২০ আগস্ট) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলোর মধ্যে রয়েছে বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর আংশিক, আটঘরিয়া ও বড়বড়িয়া।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতেই সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কাজের অগ্রগতি ও পরিস্থিতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার নির্ধারিত সময় কিছুটা কম-বেশি হতে পারে।
এদিকে একই এলাকায় আগামী শনিবার (২২ আগস্ট) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
