আফগানিস্তানের কাছে লজ্জার পরাজয়, ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশের

খেলা

স্পোর্টস ডেস্ক | অনলাইন সংস্করণ

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ২০০ রানের বিশাল হারে সিরিজটি ৩-০ ব্যবধানে হাতছাড়া করেছে মেহেদী হাসান মিরাজের দল।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। প্রথম থেকেই ব্যাটাররা দারুণ ছন্দে খেলেন। ওপেনার ইব্রাহিম জাদরান দুর্দান্ত ব্যাটিং করে করেন ৯৫ রান, তাকে যোগ্য সঙ্গ দেন রহমানউল্লাহ গুরবাজ, যিনি করেন ৪২। ইনিংসের শেষ দিকে মোহাম্মদ নবি মাত্র ৩৭ বলে ঝড়ো ৬২ রান করে দলের সংগ্রহ ৯ উইকেটে ২৯৩ রানে নিয়ে যান।

বাংলাদেশের পক্ষে কিছুটা আলো ছড়ান সাইফ হাসান, তিনি নিয়েছেন ৩ উইকেট। তবে অন্য বোলারদের থেকে আশানুরূপ সহায়তা মেলেনি।

২৯৪ রানের কঠিন লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার নাঈম শেখ মাত্র ৭ রান করে ফিরলে, পরপরই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত (৩)তাওহীদ হৃদয় (৭)। দলীয় স্কোর তখনো তিন অঙ্কের কাছেও পৌঁছায়নি।

এক পর্যায়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাইফ হাসান, তবে ৪৩ রানে থেমে যায় তার ইনিংস। বাকিদের ব্যর্থতায় ২৭ ওভারও টিকতে পারেনি বাংলাদেশ। সবশেষে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে লজ্জার পরাজয় বরণ করে নেয় টাইগাররা।

আফগানিস্তানের হয়ে বেলাল সামি নেন ৫ উইকেট, সঙ্গে রশিদ খান ঝুলিতে ভরেন আরও ৩টি। দুই বোলারের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ব্যাটিং একেবারে ভেঙে পড়ে।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল আফগানিস্তান। ওয়ানডে ফরম্যাটে এটি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে হতাশাজনক সিরিজ পারফরম্যান্সগুলোর একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *