নিজস্ব প্রতিবেদক | অনলাইন সংস্করণ
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে একটি কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানা মুহূর্তেই আগুনে পুড়ে যায়।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ পাওয়া গেছে। বেশিরভাগ মরদেহ উদ্ধার হয়েছে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার গার্মেন্টস অংশ থেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ করেই ভবনের নিচতলা থেকে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে, ফলে ভেতরে থাকা শ্রমিকদের অনেকেই বের হতে পারেননি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ভবনের ভেতর ধোঁয়া ও তাপ এতটাই প্রবল ছিল যে উদ্ধারকাজে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
অন্যদিকে, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও কেমিক্যাল ল্যাবরেটরি বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করছেন। তারা আগুনের উৎস ও বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছেন।
এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
