বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ মুক্তির পর থেকেই নতুন বিতর্কে জড়িয়েছে সিরিজটি। অভিযোগ উঠেছে, সিরিজে এক এনসিবি কর্মকর্তাকে ঘিরে তৈরি চরিত্রটি বাস্তব জীবনের সাবেক এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে উদ্দেশ্য করে নির্মিত — যা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে দাবি তার।
ওয়াংখেড়ে ইতোমধ্যে আরিয়ান খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। কিন্তু মামলার পর থেকেই তার পরিবারের বিরুদ্ধে হুমকি আসছে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সমীর বলেন, “দুবাই, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। শুধু আমাকে নয়, আমার স্ত্রী ও বোনকেও ভয় দেখানো হচ্ছে।”
তিনি আরও জানান, পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। যদিও কারও নাম উল্লেখ করেননি, তিনি বলেছেন— “ঘটনাটা আদালতে বিচারাধীন, তাই বিস্তারিত এখনই বলতে চাই না।”
উল্লেখ্য, ২০২১ সালে ক্রুজ শিপে মাদক মামলায় শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন এই সমীর ওয়াংখেড়ে। পরে আরিয়ানের কাছ থেকে কোনো মাদক না পাওয়ায় তিনি মুক্তি পান, তবে সেই ঘটনা আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নাইমুল I নবসংবাদ
