বিএনপির নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন। শুক্রবার রাতে পারিবারিকভাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাগদান অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ইশরাক হোসেন প্রয়াত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে। কনে ব্যারিস্টার নুসরাত খান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার মন্ত্রী পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।
পারিবারিক সূত্র জানিয়েছে, ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন হয়। উভয় পরিবার নবদম্পতির জন্য দোয়া প্রার্থনা করেছেন এবং শিগগিরই বিয়ের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তারা।
