ওয়ার্ক পারমিটে সময় বাড়াল সৌদি

আন্তর্জাতিক

প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। যেসব কর্মীর কাজের অনুমতিপত্রের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে কিংবা যারা দীর্ঘদিন ধরে কাজ করলেও এখনো অনুমতিপত্র পাননি, তাদের কাগজপত্র নিয়মিত করার সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, নির্দিষ্ট শ্রেণির প্রবাসীদের কাজের অনুমতিপত্র-সংক্রান্ত জটিলতা সমাধানে এই বিশেষ সুযোগ দিয়েছে সৌদি সরকার। এতে করে আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় পাচ্ছেন কর্মী ও নিয়োগকর্তারা।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসের বেশি আগে শেষ হয়েছে এবং যারা কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার ছয় মাস পার করলেও এখনো অনুমতিপত্র পাননি, তারা এই সুবিধার আওতায় পড়বেন।

মন্ত্রণালয়ের মতে, শ্রম আইন কার্যকর করা, কর্মী ও নিয়োগকর্তার অধিকার সুরক্ষা এবং অনিয়ম দূর করতেই এই সময়সীমা বাড়ানো হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যেই ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন করে সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র ঠিক না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *