সীমান্তে নতুন উত্তেজনা: পাকিস্তানের গোলায় নিহত এক ডজনের বেশি আফগান নাগরিক

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক | আন্তর্জাতিক বিভাগ

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে আবারও শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। বুধবার ভোরে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি ও মর্টার হামলায় অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কাবুল প্রশাসন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে (পূর্বে টুইটার) জানিয়েছেন, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে আফগান ভূখণ্ডে হামলা চালায়। “এই হামলায় নারী-শিশুসহ ১২ জনের বেশি মানুষ নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন,” বলেন তিনি।

মুজাহিদ দাবি করেন, আফগান বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে এবং কয়েকটি পাকিস্তানি পোস্ট ও সামরিক যান ধ্বংস করেছে। তবে স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা যায়নি।

অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা এসেছে। চামান জেলার প্রশাসক হাবিব উল্লাহ বাঙ্গুলজাই বলেন, “তালেবান বাহিনী সীমান্তের কাছে পাকিস্তানি পোস্টে গোলাবর্ষণ করেছে। এতে আমাদের চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।” তিনি আরও জানান, সংঘর্ষটি প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী হয়।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন নয়। ইসলামাবাদ বহুদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। তবে তালেবান প্রশাসন এই অভিযোগ অস্বীকার করে বলছে, তারা নিজ ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না।

সাম্প্রতিক এই সংঘর্ষে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আতঙ্ক বিরাজ করছে। বাণিজ্যিক রুট বন্ধ থাকায় স্থানীয়দের ভোগান্তিও বাড়ছে।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা
ডেইলি নবসংবাদ অনলাইন / আন্তর্জাতিক ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *