চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানীয় জল, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী এবং বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত মানুষের কাছে।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ফেসবুক পোস্টে জানায়, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগড়া উপজেলার বন্যাকবলিত এলাকায় ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা ত্রাণ বিতরণে প্রশাসনকে সহায়তা করছেন। একই সঙ্গে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও স্থানীয় বন্যাদুর্গত মানুষের মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী এলাকায় সেনাবাহিনীর মেডিক্যাল টিম বন্যাকবলিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছে। প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।
