ফেনীতে নতুন কারাগারের কার্যক্রম শুরু, বিভিন্ন জেলা থেকে ১৮০ বন্দি স্থানান্তর

গ্রাম বাংলা

ফেনীতে নতুন একটি কারাগারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কারাগার থেকে মোট ১৮০ জন বন্দিকে ধাপে ধাপে এই নতুন কারাগারে স্থানান্তর করা হচ্ছে।

শনিবার সকালে প্রথম দফায় ফেনী কারাগার–১ থেকে ২১ জন বন্দিকে নতুন কারাগারে নেওয়ার মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় জেল সুপার মো. দিদারুল আলমসহ কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্দিদের ফুল দিয়ে বিদায় জানানোর মাধ্যমে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, পুরাতন জেলা কারাগারের ভবনকেই পূর্ণাঙ্গভাবে সংস্কার করে ফেনী কারাগার–২ হিসেবে চালু করা হয়েছে। ধাপে ধাপে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে বন্দিদের আনা হচ্ছে।

জেল সুপার জানান, মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তদের এই কারাগারে রাখা হবে। বন্দিদের আবাসন, খাদ্য, নিরাপত্তা এবং দৈনন্দিন সুবিধা নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, কারাগারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করতে দেয়াল উঁচু করা ও কাঁটাতার স্থাপনের কিছু কাজ বাকি আছে, যা বরাদ্দ পেলেই সম্পন্ন হবে।

নতুন কারাগারের জন্য মোট ৮৮টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে জেল সুপারসহ ৭৩ জন কর্মকর্তা–কর্মচারী যোগদান করেছেন। রান্না ও অন্যান্য সহায়তা কাজে দক্ষ ২৪ জন বন্দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয়েছে।

পটভূমি

ফেনীর প্রথম কারাগারটি প্রতিষ্ঠিত হয় ১৯১৫ সালে, যেখানে বন্দি ধারণক্ষমতা ছিল মাত্র ১৭২ জন। পরে নতুন স্থানে সাড়ে সাত একর জমির ওপর আধুনিক কারাগার নির্মাণ করা হয়। সেখানে ৩৫০ জন বন্দি রাখার সুযোগ রয়েছে। নতুন কারাগারে বন্দি স্থানান্তর শুরু হয় ২০১৯ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *