টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছে ধাক্কা, চালকের মৃত্যু

গ্রাম বাংলা

Daily Nobo Sangbad | কালিহাতী (টাঙ্গাইল):
টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে থাকা বটগাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল–জামালপুর মহাসড়কের কালিহাতী থানার পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. রাশেদ মিয়া (২৯)। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার নাউয়াপাড়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। দীর্ঘ সময় ধরে টানা গাড়ি চালানোর কারণে চালক অতিরিক্ত ক্লান্ত ছিলেন। হঠাৎ চোখ লেগে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিশাল বটগাছে সজোরে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন বলেন,

“দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে সরানো হয়েছে। নিহত চালকের মরদেহ ও গাড়িটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *