নতুন সিনেমায় জুটি বাঁধছেন চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ

আনন্দলোক টালিউড

Daily Nobo Sangbad | বিনোদন ডেস্ক:
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও বহুমাত্রিক প্রতিভাধর শিল্পী তাসনিয়া ফারিণ এবার প্রথমবারের মতো একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। কলকাতার খ্যাতনামা পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন প্রজেক্টেই তাদের একসঙ্গে দেখা যেতে পারে বলে জানা গেছে।

এই তথ্যটি নিশ্চিত না হলেও দুই তারকার সাম্প্রতিক মন্তব্যে নতুন জুটি হিসেবে তাদের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।

প্রায় এক দশকের বিরতির পর আবারও বড়পর্দায় ফিরেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। তার সর্বশেষ সিনেমা ‘ডিয়ার মা’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন বাংলাদেশের জয়া আহসান। এবার তিনি নজর দিয়েছেন চঞ্চল-ফারিণ জুটির দিকে।

সম্প্রতি কলকাতায় একটি সিনেমা ইভেন্টে চঞ্চল ও ফারিণ দুজনেরই উপস্থিতি ছিল। সেখানে অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে তাদের আলোচনা হয় একটি নতুন ছবির সম্ভাবনা নিয়ে।

চঞ্চল বলেন,

“আমি ও ফারিণ কেউই জানতাম না যে দুজনকেই একই সময় টোনিদা (অনিরুদ্ধ রায়চৌধুরী) ডেকেছেন। দেখা হয়ে গেল হঠাৎই। কথাবার্তা চলছে, এখনো কিছু নিশ্চিত নয়—তবে আশা করছি ভালো কিছু হবে।”

তাসনিয়া ফারিণও চঞ্চলের মতোই আশাবাদী।
তিনি বলেন,

“আমরা কথা বলছি, তবে এখনই কিছু বলতে চাই না। সবকিছু গুছিয়ে গেলে নিশ্চয়ই জানাব।”

ফারিণের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই সিনেমাটি যদি চূড়ান্ত হয়, তবে এটি হবে ফারিণের টলিউডে দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য ছবি এবং চঞ্চলের সঙ্গে তার প্রথম কাজ।

চঞ্চল চৌধুরী সম্প্রতি শেষ করেছেন ব্রাত্য বসুর পরিচালনায় ‘শেকড়’ সিনেমার শুটিং। এর আগে তিনি অভিনয় করেছেন সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায়, যেখানে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়।

অন্যদিকে তাসনিয়া ফারিণের টলিউড অভিষেক হয়েছিল ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে, যা তাকে এনে দেয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর পুরস্কার।

এরপর তিনি ‘পাত্রী চাই’ ও ‘প্রজাপ্রতি ২’-এ অভিনয়ের কথা থাকলেও ভিসা জটিলতার কারণে দুটি প্রজেক্ট থেকে সরে আসেন। বর্তমানে তিনি বাংলাদেশের পাশাপাশি ভারতের বেশ কয়েকটি নতুন ওয়েব সিরিজ ও চলচ্চিত্রের আলোচনায় আছেন।

চঞ্চল-ফারিণের সম্ভাব্য জুটি নিয়ে এখন আলোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা মনে করছেন, এই দুই তারকার অভিনয় দক্ষতা একত্রে বাংলা সিনেমায় নতুন মাত্রা যোগ করবে।

চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা মানেই বাস্তবধর্মী গল্প ও চরিত্রনির্ভর নির্মাণ—যেখানে চঞ্চল ও ফারিণের মতো শিল্পীরা সবচেয়ে মানানসই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *