ফার্মগেটে মেট্রোরেল থেকে পড়ে পথচারীর মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | 

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের ওপর থেকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এক ব্যক্তি ফার্মগেট ফুটপাত দিয়ে হাঁটছিলেন। ঠিক সে সময় মেট্রোরেল চলার মুহূর্তে ওপর দিক থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে তার মাথায় আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দর্শকদের একজন বলেন, “সবকিছু এত দ্রুত ঘটল যে, কেউ কিছু বুঝে উঠতে পারেনি। এক মুহূর্তের মধ্যেই মানুষটি মাটিতে লুটিয়ে পড়েন।”

ঘটনার পরপরই তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুজ্জামান বলেন,

“আমরা খুব কাছেই ডিউটিতে ছিলাম। খবর পেয়ে দ্রুত এসে দেখি, একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

তিনি আরও জানান, নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে তার নাম-পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার পর অস্থায়ীভাবে মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা যাচাই ও কাঠামোগত পরিদর্শন শেষে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

ঢাকা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্তে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *