বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওমরাহ পালনের উদ্দেশ্যে শিগগিরই সৌদি আরব যাচ্ছেন। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি এ সফরে অংশ নেবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান আগামী ২০ বা ২১ নভেম্বর লন্ডন থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সফরসূচিতে রয়েছে মক্কা ও মদিনা সফরসহ ওমরাহ পালন।
বিএনপির নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর রবিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,
“তারেক রহমান ওমরাহ সম্পন্ন করার পর পুনরায় লন্ডনে ফিরে যাবেন। সেখান থেকে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন।”
দলীয় নেতাদের ভাষ্য, এটি সম্পূর্ণ পারিবারিক ও ধর্মীয় সফর। মক্কা-মদিনায় পবিত্র ওমরাহ পালনের পর তারেক রহমান কিছুদিন বিশ্রামে থাকবেন এবং তারপরই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন।
এ সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিরা ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন। অনেকেই তারেক রহমান ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন।
