রাকিবের সমতায় ড্র করল বাংলাদেশ, এশিয়ান কাপের আশা শেষ

খেলা

ক্রীড়া প্রতিবেদক | অনলাইন সংস্করণ

হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয় লেগে লড়াই করে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করে অন্তত হার এড়াতে পেরেছে লাল-সবুজরা, তবে বাছাইপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই।

বুধবার কাই টাক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুর দিকেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৩৪ মিনিটে ডিফেন্সে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে হংকংয়ের ফরোয়ার্ড ফার্নান্দো ডি-বক্সে ঢুকে ফাউলের শিকার হন। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন, আর সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন হংকং অধিনায়ক ম্যাট অর

গোল খাওয়ার পর কিছুটা চাপে পড়লেও, দ্বিতীয়ার্ধে বদলে যায় খেলার চিত্র। কোচ হাভিয়ের কাবরেরার নির্দেশনায় আক্রমণ বাড়ায় বাংলাদেশ। মাঝমাঠে ছন্দ ফিরে পান জামাল ভূঁইয়া ও হামজা। এ সময় একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে ওঠে প্রতিপক্ষের ডিফেন্স।

ম্যাচের ৭৬ মিনিটে হংকংয়ের খেলোয়াড় অলিভার গারবিগ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে নেমে আসে স্বাগতিকরা। সুযোগ কাজে লাগাতে দেরি করেনি বাংলাদেশ। ৮৪ মিনিটে ডান দিক থেকে ফাহিমের নিখুঁত ক্রসে হেড পাস দেন ফাহামিদুল, আর সেখান থেকেই রাকিব হোসেন গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান। ফলে সমতায় ফেরে ম্যাচ।

শেষ দিকে দুই দলই কয়েকটি ভালো সুযোগ পেলেও আর গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত ১-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ২, যা নিয়ে তারা সি-গ্রুপের নিচে রয়েছে। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং চায়না, যারা এখন প্রায় নিশ্চিতভাবে চূড়ান্ত পর্বের পথে।

১৯৮০ সালের পর থেকে আর কখনও এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। এবারও সেই ইতিহাস বদলানো হলো না। লাল-সবুজদের স্বপ্ন আবারও থেমে গেল বাছাইপর্বেই।

সূত্র: স্পোর্টস ডেস্ক, ডেইলি নব সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *