ডেইলি নবসংবাদ ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একটি চক্র পরিকল্পিতভাবে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উসকানিমূলক তথ্য ছড়িয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি স্বার্থান্বেষী মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল ক্ষুণ্ন করা এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের প্রচারণা চালাচ্ছে।
পুলিশ আরও জানায়, বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে অন্যায় তদবিরে সাড়া না পাওয়ায় অসন্তুষ্ট কিছু ব্যক্তি মনগড়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলেও উল্লেখ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, অপপ্রচারে জড়িত কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ততা, সরকারি দপ্তরে অনৈতিক তদবির এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবির মতো অভিযোগের তথ্য-প্রমাণ পুলিশের কাছে রয়েছে।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধও করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ভবিষ্যতেও যদি এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা অব্যাহত থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তির শেষে বাংলাদেশ পুলিশ জানায়, জনগণের আস্থা বজায় রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
