বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছিল, সেটি আর মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না। নির্ধারিত সময়ের মাত্র একদিন আগে জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ নিজ দায়িত্বেই তাদের ফ্লাইট স্লট বাতিলের আবেদন জানায়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানান, সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স অপারেটরের স্থানীয় প্রতিনিধির পাঠানো চিঠিতে পূর্বের অনুমতি প্রত্যাহারের অনুরোধ করা হয়। বিষয়টি যাচাইয়ের জন্য চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে প্রাথমিক আবেদনের ভিত্তিতে বেবিচক ৯ ডিসেম্বর সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণের অনুমতি দেয়। পরিকল্পনা অনুযায়ী, একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে উড্ডয়নেরও অনুমতি ছিল।
তবে হঠাৎ করে অনুমোদন বাতিলের সিদ্ধান্ত কেন নেওয়া হলো—এ বিষয়ে এখনো অপারেটর কিংবা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
