শাহবাগে এনসিপির দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা, আহত ১

রাজনীতি

নিজস্ব প্রতিবেদক | 

রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর্থিক লেনদেন নিয়ে শুরু হওয়া কথাকাটাকাটি পরে হাতাহাতিতে রূপ নেয়। এতে একজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সমন্বয় সভার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে নিচতলায় থাকা দুই থানার কর্মীদের মধ্যে হঠাৎ তর্ক-বিতর্ক শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্য নেতারা এগিয়ে এলে সভা স্থগিত করা হয়।

সূত্র জানায়, গত কয়েক মাস ধরে এনসিপির দুই থানা কমিটির কয়েকজন নেতার মধ্যে একটি বেসরকারি কোম্পানিকে ঘিরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার অভ্যন্তরীণভাবে সমাধান চেষ্টাও ব্যর্থ হয়।

একাধিক নেতা জানিয়েছেন, সংশ্লিষ্ট লেনদেনের টাকা ফেরত না পাওয়াকে কেন্দ্র করে আজকের সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত এনসিপির এক কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম ইউসুফ বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির এক কেন্দ্রীয় নেতা বলেন, “ঘটনাটি দুঃখজনক। অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির কারণে এটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *