সরকারের নতুন সিদ্ধান্ত: যুক্তরাষ্ট্র ও ভারত থেকে গম-চাল আমদানির অনুমোদন

অর্থনীতি

দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে সরকার যুক্তরাষ্ট্র ও ভারত থেকে বিপুল পরিমাণ গম ও বাসমতি চাল আমদানির অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, খাদ্য অধিদফতর সরকার থেকে সরকার (G2G) পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের Agrocorp International Private Limited থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৮২৫ কোটি ৩১ লাখ টাকা, যেখানে প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০৮ মার্কিন ডলার।

অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে ভারতের M.S. Bagadia Brothers Pvt. Ltd. থেকে ৫০ হাজার টন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই চাল আমদানিতে মোট ২১৯ কোটি ৯ লাখ টাকা ব্যয় হবে।

একই সভায় ঢাকা ওয়াসা-র ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’-এর আওতায় পাইপ সরবরাহ ও স্থাপনের একটি প্যাকেজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন করা হয়। প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৩৪ কোটি ৯৫ লাখ টাকা, যা বাড়িয়ে এখন দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪ লাখ টাকা। কাজটি সম্পন্ন করবে আরএফএল প্লাস্টিক লিমিটেড।

এছাড়া, সভায় বিদ্যুৎ বিভাগের দুটি প্রকল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি প্রকল্পের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, এসব পদক্ষেপের ফলে দেশের খাদ্য সরবরাহ শৃঙ্খলা আরও শক্তিশালী হবে এবং আসন্ন মৌসুমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *