জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে ‘মা ইলিশ’ রক্ষায় দেশজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সরকার ঘোষিত ২২ দিনের নিষিদ্ধ সময়কাল কার্যকর রাখতে টহল, সচেতনতামূলক কার্যক্রম ও আইন প্রয়োগ একযোগে পরিচালনা করছে সংস্থাটি।
মঙ্গলবার (৭ অক্টোবর) চাঁদপুর মোহনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড ঢাকা জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট মো. রাফায়েল মনোয়ার উৎসব এই তথ্য জানান।
তিনি বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।”
কোস্ট গার্ড জানায়, নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নদী ও সমুদ্র উপকূলে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, মাইকিং, লিফলেট বিতরণ, এবং স্থানীয় জেলেদের নিয়ে সচেতনতা সভা আয়োজন করা হচ্ছে।
এছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক এলাকায় আইনি ব্যবস্থা গ্রহণও শুরু হয়েছে।
কোস্ট গার্ডের কর্মকর্তারা বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। তাই মা ইলিশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, প্রতিটি জেলে ও নাগরিকেরও নৈতিক দায়িত্ব। সবাই আইন মেনে চললে ভবিষ্যৎ প্রজন্মও এই সম্পদ থেকে উপকৃত হবে।”
সরকারের লক্ষ্য, এই উদ্যোগের মাধ্যমে ইলিশের প্রজনন ক্ষেত্রগুলো সংরক্ষিত রেখে উৎপাদন আরও বাড়ানো এবং দেশীয় মৎস্যসম্পদ রক্ষা করা।
