অনলাইন ডেস্ক | আন্তর্জাতিক সংবাদ
মালয়েশিয়ায় অবস্থানরত অনিবন্ধিত বা অবৈধ বাংলাদেশি নাগরিকদের জন্য দেশে ফেরার বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। ‘রিপ্যাট্রিয়াসি মাইগ্রেন ২.০’ কর্মসূচির আওতায় মাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়েই তারা দেশে ফিরতে পারবেন।
সোমবার (১৩ অক্টোবর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়া সরকারের এই কর্মসূচি ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তারা সহজ প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে দেশে ফিরতে পারবেন।
বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, অনেক ক্ষেত্রে শেষ সময় ঘনিয়ে এলে ইমিগ্রেশন দপ্তরে অনুমতি ও বায়োমেট্রিক সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। তাই বাংলাদেশিদের এখন থেকেই প্রক্রিয়া শুরু করার আহ্বান জানানো হয়েছে।
যাদের পাসপোর্টের মেয়াদ শেষ বা পাসপোর্ট নেই, তারা হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করে দেশে ফেরার আবেদন করতে পারবেন।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো মালয়েশিয়ায় অনিয়মিত অবস্থায় থাকা বিদেশি শ্রমিকদের বৈধভাবে নিজ দেশে ফেরার সুযোগ দেওয়া, যাতে তারা পুনরায় কোনো আইনি জটিলতায় না পড়েন।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সুযোগটি একটি সীমিত সময়ের জন্য চালু থাকবে এবং তা শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।
সূত্র: বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া
