কম্পিউটার ব্যবহারে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি এমন একটি প্রযুক্তি চালু করতে যাচ্ছে, যেখানে ব্যবহারকারীরা মুখের কথায় কম্পিউটার ও ল্যাপটপে বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবেন। এর মাধ্যমে উইন্ডোজ ১১ চালিত যেকোনো ডিভাইসকে এআই-চালিত পিসি হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।
এই নতুন ব্যবস্থার মূল অঙ্গ হলো ‘কোপাইলট’ নামে একটি এআই চ্যাটবট। ব্যবহারকারীরা টাইপ না করে শুধু ভয়েস কমান্ড দিয়েই ফাইল খোলা, তথ্য অনুসন্ধান বা অন্যান্য কাজ করতে পারবেন।
মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি জানান, “আমরা এমন এক দৃষ্টিকোণ নিয়ে কাজ করছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু চ্যাটবট হিসেবে নয়, মানুষের দৈনন্দিন কাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে এমনভাবে গড়ে তোলা আমাদের লক্ষ্য, যাতে এটি সত্যিকারের এআই পিসি হিসেবে ব্যবহার করা যায়।”
উল্লেখ্য, ইতিমধ্যেই উইন্ডোজ ১১-এ নতুন কিছু ফিচার সংযোজন করা হয়েছে। সাধারণ ব্যবহারকারীরাও এআই সুবিধা নিতে পারবেন, অর্থাৎ আলাদা করে ‘কোপাইলট প্লাস পিসি’ কিনতে হবে না। তবে মুখের কথায় কম্পিউটার চালানোর পূর্ণ সুবিধা পেতে আরও কিছু সময় লাগতে পারে।
মেহদি আরও বলেন, “আমরা চাই ব্যবহারকারীরা কম্পিউটারের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে সক্ষম হোক। ভয়েস কমান্ড কিবোর্ড ও মাউসের পাশাপাশি কম্পিউটার ব্যবহারের তৃতীয় মাধ্যম হিসেবে কাজ করবে। এটি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে সহজ, দ্রুত ও আরও আনন্দদায়ক করে তুলবে।”
মাইক্রোসফটের এই নতুন এআই উদ্ভাবন প্রযুক্তিপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতার দিগন্ত খুলে দিচ্ছে।
