শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ফ্লাইট চলাচল স্থগিত

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | অনলাইন ডেস্ক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে, পাশাপাশি আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাচ্ছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্গো ভিলেজের পাশে একটি গুদাম অংশে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, “কার্গো ভিলেজের সংলগ্ন এলাকায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের নিরাপত্তাকর্মী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনী যৌথভাবে কাজ করছে।”

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। অতিরিক্ত জনবল ও সরঞ্জাম পাঠানো হয়েছে।”

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, সিভিল অ্যাভিয়েশন ও ফায়ার সার্ভিসের বিশেষ টিম একযোগে কাজ করছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *