সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিও অবশেষে গ্রেফতার

অপরাধ ও আদালত
204

ঢাকার সাভারে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার মূল অভিযুক্ত সোহেল রোজারিও (৩৭)-কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্রে জানা গেছে, রোববার রাতে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ওসি জালাল উদ্দিন।

গ্রেফতারের পর সোহেলকে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সোহেল রোজারিও সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা, সন্তোষ রোজারিওর ছেলে। মামলায় তার দুই সহযোগীর নামও উঠে এসেছে — বিপ্লব রোজারিও ওরফে তিলক (৪০) এবং মিঠুন বিশ্বাস (৩৫)।

এর মধ্যে মিঠুনকে গত শনিবার রাতে রাজধানীর তেঁজকুনি পাড়া এলাকা থেকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। তবে বিপ্লব এখনও পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৪ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় ওই ছাত্রী প্রাইভেট পড়ানো শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সোহেল রোজারিও ও তার দুই সহযোগী তাকে “বাসায় পৌঁছে দেবে” বলে কৌশলে প্রলুব্ধ করে।

পরে তারা ছাত্রীটিকে কমলাপুরের গোয়ালপাড়ার একটি আধাপাকা টিনশেড বাড়িতে নিয়ে যায় এবং সেখানে রাত সাড়ে সাতটার দিকে তাকে দলবেঁধে ধর্ষণ করে।

ভুক্তভোগী পরদিন নিজেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

ওসি জালাল উদ্দিন বলেন,

“মামলার পর থেকেই মূল আসামিকে ধরতে একাধিক জেলায় অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত আমরা তাকে গাজীপুরে অবস্থানরত অবস্থায় আটক করতে সক্ষম হই।”

তিনি আরও জানান, তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক সহযোগী বিপ্লবকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ঘটনার পেছনের সবকিছু উদঘাটনে দ্রুত তদন্ত সম্পন্নের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *