বিশ্ব বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’। বিশ্বজুড়ে ৯৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ৯৭৭ মিলিয়ন) আয় করে ক্রিস্টোফার নোলানের অস্কারজয়ী ‘ওপেনহাইমার’কে ছাড়িয়ে গেছে সিনেমাটি। এর ফলে এটি এখন সর্বকালের সর্বোচ্চ আয় করা বায়োপিকের খেতাব অর্জন করেছে।
চলতি বছরের এপ্রিলে মুক্তির প্রথম সপ্তাহেই ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করে আলোচনায় আসে সিনেমাটি। এর আগেই ২০১৮ সালের ‘বোহেমিয়ান র্যাপসোডি’কে ছাড়িয়ে সেরা মিউজিক্যাল বায়োপিকের রেকর্ড গড়ে। এবার ছাড়িয়ে গেল ‘ওপেনহাইমার’কেও। এটি লায়ন্সগেট স্টুডিওর ইতিহাসের সবচেয়ে সফল সিনেমা।
অ্যান্টনি ফুকা পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের শৈশব থেকে ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডের যাত্রা এবং পরবর্তীতে এককভাবে পপ কিং হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে।
সিনেমাটির বড় আকর্ষণ ছিল মাইকেলের চরিত্রে তারই ভাতিজা জাফর জ্যাকসনের অভিনয়। লুক, নাচ ও পারফরম্যান্সে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
তবে বক্স অফিসে সাফল্য পেলেও সমালোচকদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি সিনেমাটি। অনেকেই এটিকে বিতর্কিত বিষয় আড়াল করার চেষ্টা বলে মন্তব্য করেছেন। মাইকেল জ্যাকসনের জীবনের বিভিন্ন বিতর্কিত অধ্যায় সিনেমায় এড়িয়ে যাওয়ায় সমালোচনা তৈরি হয়েছে।
সমালোচনা সত্ত্বেও দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। সিনেমা মুক্তির পর স্পটিফাই ও ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মাইকেলের গান শোনার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ভক্তদের এই উন্মাদনার ধারাবাহিকতায় প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট খুব শিগগিরই সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করছে বলে জানা গেছে।
