পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা জোরদারে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার সকালে পূর্বাচল এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় পূর্বাচলে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কাজ চলছে। এ লক্ষ্যে পুলিশের জন্য ২৯.২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে ১৮.৬৩ একরের রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন করা হবে। এ জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
