পাউরুটি ও অন্যান্য বেকারি পণ্যে ক্যানসারের ঝুঁকিপূর্ণ রাসায়নিক পটাশিয়াম ব্রোমেট ব্যবহার সম্পূর্ণ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে বাজারে বিক্রি হওয়া প্রতিটি পাউরুটির মোড়কে “পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হয়নি” এমন ঘোষণা বাধ্যতামূলক করার নির্দেশও চাওয়া হয়েছে।
রোববার মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন (এমএইচআরজিএফ) এর চেয়ারম্যান কবীর আলমগীরের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।
রিটে খাদ্য সচিব, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, পাউরুটি উৎপাদন ও বাজারজাত করার সময় ব্যবহৃত উপাদানের পূর্ণাঙ্গ তালিকা এবং পটাশিয়াম ব্রোমেট ব্যবহার না করার বিষয়টি স্পষ্টভাবে মোড়কে উল্লেখ করা বাধ্যতামূলক করা প্রয়োজন। একই সঙ্গে নিষিদ্ধ এই রাসায়নিকের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটকারী কবীর আলমগীর বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পাউরুটিতে ক্যানসার সৃষ্টিকারী উপাদান থাকার তথ্য উঠে এসেছে। সেই তথ্যের ভিত্তিতেই জনস্বার্থে এই রিট করা হয়েছে।
তার দাবি, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, ভারতসহ বিশ্বের প্রায় ৪০টি দেশে পটাশিয়াম ব্রোমেট নিষিদ্ধ। বাংলাদেশেও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০২২ সালে এই রাসায়নিক ব্যবহারে নিষেধাজ্ঞা দিলেও বাস্তবে এখনও এর ব্যবহার পুরোপুরি বন্ধ হয়নি।
রিটে আরও উল্লেখ করা হয়েছে, ভেজাল ও অনিরাপদ খাদ্যের কারণে দেশের বিপুলসংখ্যক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। প্রতিবছর ক্যানসারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনেক বেকারিতে নিরাপদ খাদ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করেই পাউরুটি ও বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ।
রিটকারীর আইনজীবী জানান, খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে ক্যানসার সৃষ্টিকারী উপাদান প্রবেশ ঠেকাতে দ্রুত আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। চলতি সপ্তাহেই হাইকোর্টে এ রিটের শুনানি হতে পারে।
এর আগে ২০২১ সালে বিভিন্ন ব্র্যান্ডের পাউরুটির নমুনা পরীক্ষায় অধিকাংশ নমুনায় অনুমোদিত মাত্রার চেয়ে বেশি পটাশিয়াম ব্রোমেট পাওয়া যায়। ওই ফলাফলের পর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রুটি, পাউরুটি ও বেকারি পণ্যে পটাশিয়াম ব্রোমেট (KBrO₃) এবং পটাশিয়াম আয়োডেট (KIO₃) ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে।
সংস্থাটির তথ্যমতে, পটাশিয়াম ব্রোমেট মানবদেহে থাইরয়েডের সমস্যা সৃষ্টি করতে পারে এবং এটি ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এছাড়া জিনগত পরিবর্তন, ডায়রিয়া, বমি ও পেটের বিভিন্ন জটিলতার কারণও হতে পারে। এ কারণে এসব রাসায়নিকযুক্ত রুটি, পাউরুটি ও বেকারি পণ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন এবং বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল।
