ডেইলি নবসংবাদ বিনোদন ডেস্ক:
ভারতের জনপ্রিয় অভিনেতা ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবনে স্বস্তির খবর এসেছে। তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম আদালতে করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে মামলাটি আনুষ্ঠানিকভাবে খারিজ করে দিয়েছেন আদালত।
শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত শুনানিতে সঙ্গীতা আদালতকে জানান, তিনি আর বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চালিয়ে যেতে চান না। এরপর আদালত আবেদনটি গ্রহণ করে মামলার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টু পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে দাম্পত্য জীবনে মতবিরোধের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি তিনি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকায় অবস্থিত বাসভবনে থাকার অনুমতিও চেয়েছিলেন।
মামলাটির শুনানি কয়েক দফা পিছিয়েছে। গত ১৫ জুনের শুনানিতে সঙ্গীতা প্রথমবারের মতো আবেদন প্রত্যাহারের ইচ্ছার কথা আদালতকে জানান। এরপর চূড়ান্ত শুনানির জন্য ৭ আগস্ট দিন নির্ধারণ করা হয়।
এর আগে একাধিক শুনানিতে বিজয় ও সঙ্গীতা কেউই আদালতে উপস্থিত ছিলেন না। তাদের আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন, ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে সরাসরি উপস্থিত হওয়া সম্ভব হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আবেদন প্রত্যাহারের পর আদালত আনুষ্ঠানিকভাবে মামলাটি বাতিল করেন।
থালাপতি বিজয় ও সঙ্গীতার বিয়ে হয় ১৯৯৯ সালের ২৫ আগস্ট। প্রায় ২৬ বছরের এই দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০২৩ সাল থেকে বিজয়ের বিভিন্ন রাজনৈতিক ও জনসভায় সঙ্গীতার অনুপস্থিতিকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালেও কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা না যাওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়। তবে বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহারের মধ্য দিয়ে সেই জল্পনায় আপাতত ইতি টানলেন সঙ্গীতা।
সূত্র: এনডিটিভি
