গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে লাগবে অন্তত দুই বছর: অর্থমন্ত্রী

বাংলাদেশ
69

ডেইলি নবসংবাদ ডেস্ক:

দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংকট মোকাবিলায় সরকার কাজ শুরু করলেও এর পূর্ণ সুফল পেতে অন্তত দুই বছর সময় প্রয়োজন হবে।

রোববার ঢাকার একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে আমীর খসরু বলেন, আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে এ সংকট পুরোপুরি সমাধান করা সম্ভব হবে না। এর জন্য সর্বনিম্ন দুই বছর সময় লাগতে পারে। তবে পরিস্থিতি উন্নয়নে সরকার দ্রুততার সঙ্গে কাজ করছে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি।

অর্থমন্ত্রী জানান, দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও দুর্বল সঞ্চালনব্যবস্থার কারণে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। এ সমস্যা সমাধানে বিদ্যুৎ উৎপাদন, পাওয়ার মিক্স ও এনার্জি মিক্স নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কাজ চলছে।

গ্যাস সরবরাহ বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর মধ্যে ভাসমান এলএনজি টার্মিনাল এবং স্থলভিত্তিক গ্যাস সংরক্ষণ সুবিধা বা অনশোর স্টোরেজ নিয়ে কাজ এগিয়ে চলছে। এসব উদ্যোগের বিস্তারিত কয়েক দিনের মধ্যে জানানো হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎ এবং দেশের কয়লা সম্পদকেও বিবেচনায় রাখা হচ্ছে। গ্যাস, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ জ্বালানি কাঠামো তৈরির পরিকল্পনা করছে সরকার।

আমীর খসরু বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জ্বালানি সংকট কাটানোকে অর্থনীতির গতি ফেরানোর অন্যতম প্রধান শর্ত হিসেবে দেখছে সরকার।

এদিকে ব্যাংকিং খাতের চলমান সমস্যার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন অর্থমন্ত্রী। খেলাপি ঋণসহ আর্থিক খাতের বিভিন্ন জটিলতা মোকাবিলায় শুধু সরকারি সহায়তার ওপর নির্ভর না করে ব্যাংক পুনর্গঠন এবং বিকল্প অর্থায়নের ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *