নায়িকা থেকে ব্যাংকার, নতুন পেশায় তমা মির্জা

ঢালিউড
75

ডেইলি নবসংবাদ বিনোদন ডেস্ক:

অভিনয়ের পাশাপাশি এবার ব্যাংকিং পেশায় নতুন অধ্যায় শুরু করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে প্রায় তিন মাস ধরে দায়িত্ব পালন করছেন তিনি।

‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সাম্প্রতিক সময়ে দর্শকের নজর কেড়েছেন তমা। তবে বর্তমানে চলচ্চিত্রে তুলনামূলক কম ব্যস্ত তিনি। এই সময়টাকেই কাজে লাগিয়ে ব্যাংকিং পেশায় নতুন অভিজ্ঞতা অর্জনের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

নতুন পেশা প্রসঙ্গে তমা মির্জা বলেন, তিনি বেছে বেছে অভিনয়ের কাজ করেন এবং বছরে সাধারণত একটি বা দুটি সিনেমায় কাজ করেন। জীবনের বাকি সময় অন্য কিছু নিয়ে কাজ করার সুযোগকে নিজের অভিজ্ঞতা বাড়ানোর একটি ভালো মাধ্যম হিসেবে দেখছেন তিনি।

তবে ব্যাংকিং পেশায় যুক্ত হলেও অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা নেই তমার। অভিনয়ই তার প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

২০১০ সালে এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। এরপর অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে পরিচিতি পান তিনি।

২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন তমা। পরবর্তীতে আফরান নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি।

অভিনয়ের পাশাপাশি এবার ব্যাংকিং পেশায় নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর এই উদ্যোগকে জীবনের নতুন অভিজ্ঞতা হিসেবেই দেখছেন তমা মির্জা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *