কুয়াকাটায় জলবায়ু সহনশীল শৈবাল চাষ নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

গ্রাম বাংলা

সংবাদ প্রতিবেদন | অনলাইন ডেস্ক

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও উপকূলীয় অঞ্চলের মানুষের বিকল্প জীবিকা নিশ্চিত করতে শৈবাল চাষের সম্ভাবনা নিয়ে কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে এক দিনব্যাপী কর্মশালা।

মঙ্গলবার সকালে কুয়াকাটা কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে এআইআরডি (অ্যাসোসিয়েশন ফর ইন্টিগ্রেটেড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট)। সহযোগিতা করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের অধ্যাপক ও প্রকল্পের প্রধান গবেষক ড. মো. রাজীব সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য পরিচালক মো. কামরুল হাসান

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, প্রফেসর ড. মো. আরিফুল আলম, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ, সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের সহকারী পরিচালক পলাশ হালদার, এবং এআইআরডির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ সিদ্দিক

বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক শৈবাল (ম্যাক্রো অ্যালগি) চাষ ভবিষ্যতের টেকসই অর্থনীতির নতুন দিগন্ত খুলে দিতে পারে। শৈবাল চাষ পরিবেশের অতিরিক্ত কার্বনডাই অক্সাইড শোষণ করে জলবায়ুর ভারসাম্য রক্ষা করে, একই সঙ্গে দারিদ্র্য হ্রাস ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও জানান, পাইলট প্রকল্পে শৈবাল চাষের ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। ভবিষ্যতে সরকারি ও বেসরকারি উদ্যোগে এর বাণিজ্যিক সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

স্থানীয় মৎস্যজীবী, শিক্ষক ও গবেষকদের উপস্থিতিতে কর্মশালাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ডেইলি নিউজ ডেস্ক / কলাপাড়া প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *